West Bengal Election 2026: বিকেল ৪টের পরেই ঘুরে যাবে খেলা? কেন্দ্রীয় বাহিনীকে আলাদা করে সতর্ক করল কমিশন
Election Commission of India Alerts Central Forces: রাজ্যের শেষ ভোটগুলিতে বেনজির হিংসার অভিযোগ উঠলেও এবারে যেন শুরু থেকেই ছবিটা একটু আলাদা ছিল। ভোটদানের হার নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বেলা ১১টার মধ্যেই ভোটদানের হার ৪০ শতাংশ ছাপিয়ে যায়।

কলকাতা: সকালের থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোটের ছবি দেখা গেলেও দুপুরের পর থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করল ছবিটা। শান্তির ছবিটা ধীরে ধীরে যেন অশান্তির ছবির রূপ নিল। আর তাতেই সতর্ক কমিশন। তিন জেলায় আলাদা করে নজর রাখছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম– বিকেল ৪টের পর এই জেলাগুলিতে অশান্তির আশঙ্কা করছে কমিশন। আশঙ্কা বুথ জ্যামিং থেকে এলাকা দখলের। খবর পেয়ে এখন থেকেই কেন্দ্রীয় বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কমিশন।
সকালেই নওদায় হুমায়ুনের দলের সঙ্গে তৃণমূলের অশান্তির ছবি দেখা গেলেও দুপুর থেকেই অশান্তির ছবি দেখা যায় কুমারগঞ্জে, লাভপুর সহ একাধিক জায়গায়। পটাশপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। অন্যদিকে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। তা নিয়েও সরগরম রাজনৈতিক আঙিনা।
প্রসঙ্গত, রাজ্যের শেষ ভোটগুলিতে বেনজির হিংসার অভিযোগ উঠলেও এবারে যেন শুরু থেকেই ছবিটা একটু আলাদা ছিল। ভোটদানের হার নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বেলা ১১টার মধ্যেই ভোটদানের হার ৪০ শতাংশ ছাপিয়ে যায়। অন্যদিকে দুপুর ১টার মধ্যেই তা ৬২ শতাংশের গণ্ডি ছাড়িয়ে যায়। বিকাল ৩টের পর যে আপডেট আসছে তাতে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত বাংলার প্রথম দফার ভোটে ভোট দানের হার ৭৮.৭৭ শতাংশ। মোদী বলছেন, “এটাই প্রথম এমন নির্বাচন যা গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দিচ্ছে। গত ৫০ বছরের মধ্যে এই প্রথম নির্বাচনে সবথেকে কম হিংসার ঘটনা ঘটছে।”
