AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: আর কোথাও এমন ঘটেনি, মালদহকে ‘সবথেকে উদ্বেগজনক’ বলে চিহ্নিত করল রেল

Railways: আরপিএফ-এর তরফে বেশ কিছু পদক্ষেপ করা হলেও তা যে পর্যাপ্ত নয় তা মেনে নিচ্ছে রেল বোর্ডের কর্তারাই। সম্প্রতি শামশেরগঞ্জে দাঙ্গা এবং বেলডাঙায় যে ধরনের বিশৃঙ্খলাপূর্ণ ঘটনা ঘটেছে, তাতে রেলের সম্পত্তি এবং রেলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে ভয়াবহভাবে। সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রেল।

Malda: আর কোথাও এমন ঘটেনি, মালদহকে 'সবথেকে উদ্বেগজনক' বলে চিহ্নিত করল রেল
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 03, 2026 | 7:37 PM
Share

কলকাতা: শামশেরগঞ্জ-বেলডাঙার ঘটনায় ট্রেনের সম্পত্তির বিপুল ক্ষতি হয়েছে বলে অভিযোগ। পাথর ছোড়ার নিরিখে মালদহে উদ্বেগজনক পরিস্থিতি বলে দাবি করল রেল। গত এক-দেড় বছরে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা বেড়েছে বহুগুণ, যা নিয়ে উদ্বেগে রয়েছে রেল মন্ত্রক এবং রেল বোর্ড। তবে গোটা রাজ্যের মধ্যে পূর্ব রেলের অবস্থা যে ভয়াবহ, তেমনটাই বলছে রেল।

গত এক বছরে পূর্ব রেলে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে ১৫০টি। পূর্ব রেলের অধীনে সবথেকে উদ্বেগজনক এবং ভয়াবহ জেলা হিসেবে মালদহকে চিহ্নিত করা হয়েছে। শুধুমাত্র মালদহে যে পরিমাণ পাথর ছোড়ার ঘটনা ঘটেছে, তা পূর্ব রেলের অন্য কোথাও হয়নি বলেই দাবি পূর্ব রেলের শীর্ষকর্তাদের।

মালদহ থেকে বন্দে ভারত এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস স্লিপারের মতো প্রিমিয়াম ট্রেন চলাচল করে। এছাড়াও উত্তরবঙ্গ যাওয়ার একাধিক দূরপাল্লার গাড়ি এই রুট দিয়েই চলাচল করে থাকে। পূর্ব রেল সূত্রে খবর, গত কয়েকমাসে বারবার একাধিক ট্রেনের কাচের জানালা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে, যার জেরে ক্ষতি হয়েছে ট্রেনের সম্পত্তির।

মালদহ জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনকে এব্যাপারে বারবার অবহিত করেও কোন লাভ হয়নি বলেই রেলের কর্তারা দাবি করেছেন। একইসঙ্গে মালদহের পাশের জেলা মুর্শিদাবাদকেও উদ্বেগজনক জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রেলমন্ত্রকের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, গত বছরের জুলাই মাস থেকে ডিসেম্বরের মধ্যে সারা দেশে ১৬৯৮টি চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। মোট ৬৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে উত্তর রেল এবং পূর্ব-মধ্য রেল। পশ্চিমবঙ্গে রয়েছে তিনটি রেল জোন। পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল এবং উত্তর সীমান্ত রেল। এই তিনটি জোনের মধ্যে পূর্ব রেলের অবস্থা সবথেকে খারাপ বলেই উল্লেখ করা হয়েছে।

সচেতনতা বাড়াতে প্রচার চালানোর পাশা পাশি সৌরশক্তি চালিত ক্যামেরা বসানো হয়েছে,খড়্গপুর-হাওড়া এবং খড়্গপুর-টাটানগর রেলপথের বিভিন্ন স্টেশনে। এছাড়াও পূর্ব রেল জোনের একাধিক ডিভিশনে এই ক্যামেরা বসানো হয়েছে। রেল মন্ত্রকের কর্তাদের কথায়, পুলিশের তরফে যতক্ষণ না কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ এই ধরনের হামলা চলবে।

আরপিএফ-এর তরফে বেশ কিছু পদক্ষেপ করা হলেও তা যে পর্যাপ্ত নয় তা মেনে নিচ্ছে রেল বোর্ডের কর্তারাই। সম্প্রতি শামশেরগঞ্জে দাঙ্গা এবং বেলডাঙায় যে ধরনের বিশৃঙ্খলাপূর্ণ ঘটনা ঘটেছে, তাতে রেলের সম্পত্তি এবং রেলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে ভয়াবহভাবে। সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রেল। সেই সঙ্গে বাড়তি কী ব্যবস্থা নেওয়া যায় এবং রাজ্য প্রশাসন যাতে কড়া পদক্ষেপ করে সেই বার্তা দিয়ে চিঠি দেওয়া হয়েছে রেলের তরফে।