SIR case in Supreme Court: ট্রাইবুনালে ‘পাশ’ করা ভোটাররা ভোট দিতে পারবেন? কী জানাল সুপ্রিম কোর্ট
SIR in Bengal: এদিন সুপ্রিম কোর্টে ফের উল্লেখ করা হয় বাংলার এসআইআর মামলা। আবেদনকারীদের আইনজীবী জানান, অনেক আবেদন বাকি আছে। কিন্তু, কমিশন ভোটার তালিকা ৯ এপ্রিল ফ্রিজ করেছে। এখনও পর্যন্ত দুটি আবেদন অনুমোদিত হয়েছে। সেটাই বলে দেয় যে অ্যাডজুডিকেশন মনোযোগ দিয়ে করা হয়নি। তখন বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, "আমরা ভোটার তালিকা ফ্রিজ করার বিষয়টি ১৩ তারিখে বিবেচনা করব।"

নয়াদিল্লি: বিবেচনাধীন তালিকায় বাদ যাওয়া ভোটাররা ট্রাইবুনালে ‘পাশ’ হলে কি এবার বিধানসভা নির্বাচনে ভোটদান করতে পারবেন? শুক্রবারও এই নিয়ে নিশ্চয়তা দিল না সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতে এসআইআর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানাল, ট্রাইবুনালে যাঁদের মামলার নিষ্পত্তি হবে, তাঁরা ভোট দিতে পারবেন কি না, সেই বিষয়ে আগামী ১৩ এপ্রিল এসআইআর শুনানিতে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
এদিন সুপ্রিম কোর্টে ফের উল্লেখ করা হয় বাংলার এসআইআর মামলা। আবেদনকারীদের আইনজীবী জানান, অনেক আবেদন বাকি আছে। কিন্তু, কমিশন ভোটার তালিকা ৯ এপ্রিল ফ্রিজ করেছে। এখনও পর্যন্ত দুটি আবেদন অনুমোদিত হয়েছে। সেটাই বলে দেয় যে অ্যাডজুডিকেশন মনোযোগ দিয়ে করা হয়নি। তখন বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা ভোটার তালিকা ফ্রিজ করার বিষয়টি ১৩ তারিখে বিবেচনা করব।”
কমিশনের আইনজীবী ডিএস নাইডু আদালতে জানান, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দিন ছিল ৯ তারিখ। এবং তার পরে এ বিষয়টি আর বিবেচনার পর্যায়ে থাকতে পারে না। তবে, ভোট দেওয়ার অধিকার অবশ্যই থাকে।
বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা বৃহত্তর আর্কিটেকচার ভাবছি। একটি নির্বাচনের একটি কাট-অফ তারিখ আছে। এবং তার বাইরেও একটি সাংবিধানিক অধিকার রয়েছে। যেটা হল ভোটার তালিকায় থাকার এবং পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার। সেটি অনেক বেশি স্থায়ী এবং বৃহত্তর বিষয়।” প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনারা তো স্থায়ীভাবে বঞ্চিত হচ্ছেন না।”
আবেদনকারীদের আইনজীবী জানান, এই আবেদনকারীরা প্রত্যেকেই পাসপোর্টধারী। তখন প্রধান বিচারপতি বলেন, “আমরা কোনও প্রতিশ্রুতি দিতে পারছি না। প্রতিদিন ম্যাটার ফাইল হচ্ছে।” আবেদনকারীদের আইনজীবী জানান, “প্রয়োজন থেকেই আমরা মামলা দায়ের করছি।” এখন দেখার আগামী ১৩ এপ্রিল সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়। ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা এবার ভোট দিতে পারবেন কি না, ওইদিনই নির্দেশ দেবে শীর্ষ আদালত।
