Bankura Boy Drawn: গাজনে গিয়েছিল, আর ফেরা হল না বারো বছরের কিশোরের, জলে ডুবে শেষ
অন্যান্য ভক্তরা কৃষ্ণকে তড়িঘড়ি নদীর জল থেকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর জানাজানি হতেই বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পৌঁছন বিষ্ণুপুর বিধানসভার বিজেপি প্রার্থী শুক্লা চট্টোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ।

বাঁকুড়া: গাজনের মাঝেই নদীতে স্নান করতে নেমেছিল। তলিয়ে মৃত্যু হল ১২ বছর বয়সী এক কিশোরের। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের ষাঁড়েশ্বর শিব মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদে। স্থানীয় ভক্তরা ওই কিশোরের দেহ উদ্ধার করেন। তারপর বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে হাজির হন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ ও বিজেপি প্রার্থী শুক্লা চট্টোপাধ্যায়। দুই প্রার্থীই কিশোরের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিষ্ণুপুরে প্রায় এক হাজার বছরের পুরানো ষাঁড়েশ্বর মন্দিরে শুরু হয়েছে চৈত্র সংক্রান্তির গাজন। সেই গাজনে প্রতিবেশীদের সঙ্গে বারো বছরের এক কিশোর। তার নাম কৃষ্ণ ঘোষ। তিনি বিষ্ণুপুর শহরের বাগিশপাড়া এলাকার বাসিন্দা। এরপর আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণ ষাঁড়েশ্বর মন্দিরে গাজনে যোগ দিতে যায়। গাজনে পুজো দেওয়ার আগে অন্যান্য ভক্তদের সঙ্গে মন্দির লাগোয়া দ্বারকেশ্বর নদে স্নান করতে গেলে আচমকাই নদীর গভীর জলে তলিয়ে যায় কৃষ্ণ।
অন্যান্য ভক্তরা কৃষ্ণকে তড়িঘড়ি নদীর জল থেকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর জানাজানি হতেই বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পৌঁছন বিষ্ণুপুর বিধানসভার বিজেপি প্রার্থী শুক্লা চট্টোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। দুই প্রার্থীই মৃত কিশোরের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
