PM Modi Meeting: আজই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদী, কী খতিয়ে দেখবেন?
West Asia Crisis: পশ্চিম এশিয়ার সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি তৃতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হতে চলেছে। মার্চ মাসে প্রথম বৈঠক হয়। চলতি মাসের শুরুতে দ্বিতীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদী সকল মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন যে সাধারণ মানুষের প্রয়োজনের সমস্ত পণ্য যাতে উপলব্ধ ও সহজলভ্য থাকে, তা নিশ্চিত করতে।

নয়া দিল্লি: মহিলা সংরক্ষণ বিল নিয়ে লোকসভায় ধাক্কা কেন্দ্রের। প্রথমবার পরাজয়। পাশ করানো গেল না ১৩১ তম সংবিধান সংশোধনী বিল। এই ধাক্কার পর আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কী নিয়ে বৈঠক?
সূত্রের খবর, মহিলা সংরক্ষণ বিল বা সংবিধান সংশোধনী বিল নিয়ে নয়। বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং এর ফলে ভারতের বাজার এবং অর্থনীতির উপর কী প্রভাব পড়ছে, তা নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় এই বৈঠক হবে। গত বৈঠকে নির্দেশ দেওয়া কাজগুলি কতটা হয়েছে এবং ভারতের স্বার্থ রক্ষা করতে বিভিন্ন মন্ত্রক কী কী পদক্ষেপ করেছে, তা খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী মোদী।
জানা গিয়েছে, ক্যাবিনেট বৈঠকের পাশাপাশি হবে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এবং ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স এর বৈঠকও। নতুন কয়েকটি প্রকল্পের অনুমোদনও আজ মন্ত্রিসভার বৈঠকে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি তৃতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হতে চলেছে। মার্চ মাসে প্রথম বৈঠক হয়। চলতি মাসের শুরুতে দ্বিতীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদী সকল মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন যে সাধারণ মানুষের প্রয়োজনের সমস্ত পণ্য যাতে উপলব্ধ ও সহজলভ্য থাকে, তা নিশ্চিত করতে।
গত বৈঠকে এলপিজি, এলএনজি ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্যের কতটা পাওয়া যাচ্ছে, সে বিষয়েও খোঁজ-খবর নিয়েছিলেন প্রধানমন্ত্রী। আসন্ন খরিফ ও রবি শস্যের মরশুমের কথা মাথায় রেখে কৃষিকাজে ব্যবহৃত সারের যাতে অভাব না হয়, তাও নিশ্চিত করতে বলেছিলেন। নির্দেশ দিয়েছিলেন যে যুদ্ধ এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য যাতে সাধারণ মানুষকে সঠিকভাবে জানানো হয়। এতে ভুয়ো তথ্যের প্রচার আটকানো যাবে।
