Smart Prepaid Meter Recharge: ১০০, ২০০ নাকি ৫০০ টাকা? স্মার্ট প্রি-পেইড মিটারে কত টাকার রিচার্জ করলে কতদিন বিদ্যুৎ চলবে, জেনে নিন…
Smart meter recharge calculation: স্মার্ট মিটারে মোবাইলের মতোই প্রি-পেইড রিচার্জ করতে হবে। আপনাকে আগে রিচার্জ করতে হবে, তারপর বিদ্যুৎ আসবে আপনার বাড়িতে। যত বিদ্যুৎ খরচ করবেন, তত ব্যালেন্স কমবে। ব্যালেন্স শেষ হয়ে গেলে বা জিরো হয়ে গেলে, বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যাবে।

কলকাতা: এই গরমে যত ইচ্ছা এসি-কুলার চলছে, এদিকে মাসের শেষে কত বিল আসবে, তা নিয়ে চিন্তায় মাথার ঘাম পায়ে পড়ছে। তবে এই চিন্তা খুব তাড়াতাড়িই দূর হতে চলেছে, কারণ এবার রাজ্যে বসতে চলেছে প্রি-পেইড স্মার্ট মিটার (Prepaid Smart Meter)। এই নতুন মিটারে আর মাসের শেষে বিদ্যুতের বিল আসবে না। আগে আপনাকে রিচার্জ(Recharge) করতে হবে, তারপর সেই অনুযায়ী বিদ্যুৎ খরচ করতে পারবেন। অর্থাৎ আগে রিচার্জ না থাকলে, বিদ্যুৎ থাকবে না বাড়িতেও।
রাজ্যে বসবে স্মার্ট মিটার। ইতিমধ্যেই রাজ্যের সরকারি দফতরগুলিতে বিদ্যুতের অপচয় রুখতে স্মার্ট প্রি-পেইড মিটার বসানোর কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড (WBSEDCL)। আগমী ১ অগস্ট থেকে এই স্মার্ট মিটারে রিচার্জ করেই বিদ্যুৎ সরবরাহ করা হবে রাজ্যের ৯২ হাজার সরকারি অফিস- দফতরগুলিতে। এরপর সাধারণ জনগণের বাড়িতেও ধাপে ধাপে বসবে স্মার্ট মিটার।
কীভাবে রিচার্জ হয়?
স্মার্ট মিটারে মোবাইলের মতোই প্রি-পেইড রিচার্জ করতে হবে। আপনাকে আগে রিচার্জ করতে হবে, তারপর বিদ্যুৎ আসবে আপনার বাড়িতে। যত বিদ্যুৎ খরচ করবেন, তত ব্যালেন্স কমবে। ব্যালেন্স শেষ হয়ে গেলে বা জিরো হয়ে গেলে, বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে এই স্মার্ট মিটার বসে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গেও স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হচ্ছে।
ইউনিট প্রতি খরচ-
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের বিদ্যুতের ইউনিটের হিসাবে রেট এইরকম-
- শূন্য থেকে ২৫ ইউনিট পর্যন্ত- ইউনিট প্রতি ৫ টাকা
- ২৬ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত- ইউনিট প্রতি ৫ টাকা ৬০ পয়সা
- ৭৬ থেকে ১৫০ ইউনিট পর্যন্ত- ইউনিট প্রতি ৬ টাকা ২০ পয়সা
- ১৫১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত- ইউনিট প্রতি ৭ টাকা
- ৩০০ ইউনিটের উপরে-ইউনিট প্রতি ৮ টাকা
কতদিন রিচার্জ চলবে?
স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি উঠছে, তা হল কত টাকার রিচার্জ করতে হবে এবং সেই রিচার্জে কতদিন বিদ্যুৎ চলবে। রাজ্য বিদ্যুৎ দফতর ন্যূনতম ১০০ টাকার রিচার্জ ধার্য করা হয়েছে। কেউ চাইলে ২০০ টাকা বা ৫০০ টাকার রিচার্জও করতে পারবেন। এবার রিচার্জে কতদিন বিদ্যুৎ চলবে, তা বলা কঠিন কারণ কোনও পরিবার কত বিদ্যুৎ খরচ করছে, তার উপরে নির্ভর করবে কতদিন রিচার্জ চলবে।
প্রতিদিন কত টাকা কাটা হয়?
ধরা যাক, আপনার দৈনিক বিদ্যুতের গড়ে খরচ হয় ১৫ টাকা। তাহলে ৫০০ টাকার রিচার্জে কত বিদ্যুৎ খরচ হবে, তা বের করার জন্য ৫০০ টাকা ১৫ দিয়ে ভাগ করতে হবে। গড়ে প্রায় ৩৩ দিন চলবে।
এবার ধরা যাক, প্রতি ইউনিট দাম ৮ টাকা, তাহলে দৈনিক ১৫ টাকা মানে ১৫-কে ৮ দিয়ে ভাগ করে ১.৮৭৫ ইউনিট। ৫০০ টাকায় পাওয়া যাবে (৫০০\৮) = ৬২.৫ ইউনিট।
১০০ টাকার রিচার্জে কতদিন চলবে?
স্মার্ট প্রি-পেইড মিটারে ন্যূনতম ১০০ টাকার রিচার্জ করতে হবে। যে বাড়িতে প্রতিদিন তিন থেকে চার ইউনিট বিদ্যুৎ খরচ হয়, সেই বাড়িতে ১০০ টাকার রিচার্জে সাধারণত দুই থেকে তিন দিন চলতে পারে কারণ বিদ্যুৎ খরচ না করলেও, দৈনিক ফিক্সড চার্জ কেটে নেওয়া হয়। তাই বারবার রিচার্জ করতে হবে। ১০০ টাকার রিচার্জ করা বরং অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠতে পারে মাসিক হিসাবে।
২০০ টাকার রিচার্জে কতদিন চলবে?
যদি কারোর বাড়িতে টিভি, ফ্যান, ফ্রিজ ও কয়েকটি এলইডি বাল্ব জ্বলে, তাহলে ২০০ টাকার রিচার্জে পাঁচ থেকে সাতদিন পর্যন্ত বিদ্যুৎ চলতে পারে। যদি এর থেকে বেশি মেশিন বা যন্ত্রপাতি চলে, তাহলে আরও বেশি বিদ্যুৎ খরচ হবে এবং রিচার্জ আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
৫০০ টাকার রিচার্জে কতদিন চলবে?
আপাতদৃষ্টিতে ৫০০ টাকার রিচার্জ করাই সবথেকে সাশ্রয়ী। ফিক্সড চার্জ কেটে নেওয়ার পরও যে ব্যালেন্স থাকে, তাতে যদি কোনও বাড়িতে দৈনিক তিন থেকে চার ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে ৫০০ টাকার রিচার্জে ১৫ থেকে ১৬ দিন চলতে পারে। তবে এয়ার কন্ডিশনার, গিজার বা পুরনো কোনও মেশিন চললে, বিদ্যুৎ আরও দ্রুত খরচ হবে, তাতে রিচার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
