BJP Leaders Attacked: যুগলের বচসা থামাতে গিয়ে পাল্টা উড়ে এল ‘আধলা ইট’, ফাটল মুখ, খাস কলকাতায় গভীর রাতে আক্রান্ত দুই বিজেপি নেতা!
BJP Leaders Allegedly Attacked in Baghajatin: বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি সৌম্যদীপ সাহার দাবি, শুক্রবার রাত আড়াইটে নাগাদ রাস্তায় বেরিয়েছিলেন তিনি। সেইসময় এক যুগলকে বচসা করতে দেখেন। বচসারত যুগলকে সেখান থেকে সরে যেতে বলতেই আধলা ইট দিয়ে তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ। ইটের আঘাতে মুখে চোট পান।

কলকাতা: গভীর রাতে খাস কলকাতায় আক্রান্ত দুই বিজেপি নেতা (BJP Leaders Attacked)। যুগলের বচসা থামাতে গিয়ে তাঁরা আক্রান্ত হন বলে অভিযোগ। ইট দিয়ে ওই দুই বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। বাঘাযতীনে (Baghajatin) এই ঘটনা ঘটেছে। ইটের আঘাতে মুখে চোট পান বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি। মাথায় ও চোখে চোট পান বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকও। বিজেপির অভিযোগ, হামলাকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)।
ঠিক কী ঘটেছে?
বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি সৌম্যদীপ সাহার দাবি, শুক্রবার রাত আড়াইটে নাগাদ রাস্তায় বেরিয়েছিলেন তিনি। সেইসময় এক যুগলকে বচসা করতে দেখেন। বচসারত যুগলকে সেখান থেকে সরে যেতে বলতেই আধলা ইট দিয়ে তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ। ইটের আঘাতে মুখে চোট পান। ফেটে যায় মুখ। ঘটনার পর সহকর্মীদের ডেকে পাঠান তিনি। ঘটনাস্থলে আরও বিজেপি কর্মীরা পৌঁছতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। সংঘর্ষে আহত হন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকও। মাথা ও চোখে চোট লেগেছে বলে দাবি করা হয়েছে।
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
ঘটনার পর আহত দুই বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপি যুব মোর্চা সভাপতির দাবি, হামলাকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জোর করে নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে তৃণমূল।
এদিকে, বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, এলাকায় প্রায়শই সমাজবিরোধীদের আনাগোনা ও নেশার আসর বসে, সেই থেকেই ঘটনার সূত্রপাত। ঘটনার পর বিজেপির তরফে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার পিছনে সমাজবিরোধীদের ভূমিকা, নাকি রাজনৈতিক সংঘর্ষ, তা খতিয়ে দেখা হচ্ছে।
