AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026 Highlights, PBKS vs RCB : ‘থালাপতি’ ভেঙ্কটেশের প্রত্যাবর্তন, লড়েও ট্র্যাজিক হিরো শশাঙ্ক!

IPL 2026 Highlights: প্রথমে টানা ৬ ম্যাচ জয় থেকে এখন টানা ৬ ম্যাচ হার। পাঞ্জাবের আইপিএল যাত্রা যেন কার্যত এক 'রোলার কোস্টার রাইড' হয়ে দাঁড়িয়েছে। শেষ ম্যাচে পাঞ্জাবকে বড় ব্যবধানে জিততেই হবে লখনৌয়ের বিরুদ্ধে, শুধু জিতলেই হবে না, আশা করতে হবে চেন্নাই ও রাজস্থান যেন নিজেদের বাকি ২ ম্যাচ হেরে যায়।

IPL 2026 Highlights, PBKS vs RCB : 'থালাপতি' ভেঙ্কটেশের প্রত্যাবর্তন, লড়েও ট্র্যাজিক হিরো শশাঙ্ক!
RCB March into Playoffs with 23-Run Win; Punjab Kings on Brink of Elimination.Image Credit: PTI
| Edited By: | Updated on: May 18, 2026 | 11:53 AM
Share

ধরমশালা: সেই শশাঙ্ক সিং (Shashank Singh), সেই পাঞ্জাব বনাম আরসিবি (Punjab Kings vs Royal Challengers Bengaluru)। ২০২৫ আইপিএল ফাইনালেও একা লড়েছিলেন শশাঙ্ক। কিন্তু ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) ১৮তম ওভার কার্যত শেষ করে দিয়েছিল পাঞ্জাব কিংসের ট্রফি জয়ের আশা। ৬ রানে জিতে প্রথমবারের জন্য আইপিএল (IPL 2026) চ্যাম্পিয়ন হয় আরসিবি। গতকালও তাই হল। শশাঙ্ক লড়লেন, কিন্তু দলকে জেতাতে পারলেন না। ফলে, পাঞ্জাব কিংসকে ২৩ রানে হারিয়ে ২০২৬ আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল কোহলির (Virat Kohli) ছেলেরা।

গতকাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়স (Shreyas Iyer)। এই ম্যাচে খেলেননি রজত পাতিদার (Rajat Patidar)। আরসিবিকে নেতৃত্ব দিলেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। ৭ বলে ১১ রান করে আউট হলেন বেথেল। হরপ্রীত বারের বলে বোল্ড হলেন তিনি। তবে গতকালও বড় রান করলেন বিরাট। ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেললেন তিনি। দেবদত্ত পাদিক্কালও রান পেলেন। ২৫ বলে ৪৫ করলেন দেবদত্ত। একই সঙ্গে বলা দরকার, আইপিএলে ক্রমাগত ভাল খেলছেন তিনি। তবে যাঁর কথা বলতেই হয়, তিনি ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ৪০ বলে ৭৩ রানের ইনিংস খেললেন এই ‘প্রাক্তন নাইট’। এই আইপিএলে এই নিয়ে তৃতীয়বার মাঠে নামলেন ভেঙ্কটেশ, এবং বুঝিয়ে দিলেন তাঁর উপরে আস্থা রেখে আরসিবি ম্যানেজমেন্ট ভুল করেনি। অর্ধ শতরান করে তামিল অভিনেতা ও বর্তমানে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের (Thalapathy Vijay) স্টাইলে সেলিব্রেট করতে দেখা গেল ভেঙ্কটেশকে। একই সঙ্গে বলতে হয় টিম ডেভিডের কথাও। ১২ বলে ২৮ রানের ইনিংস খেললেন ডেভিড। তাঁদের দৌলতেই ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রান তোলে আরসিবি।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব। ০ রানে আউট হন প্রিয়াংশ আর্য। ব্যর্থ অধিনায়ক শ্রেয়স (১) ও প্রভসিমরনও (২)। রান পেলেন কুপার কনোলি (৩৭)। সুর্যাংশ (৩৫), স্টোইনিস (৩৭), শশাঙ্করা (৫৬) রান পেলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাঞ্জাব, যা আরও সুবিধা করে দেয় আরসিবির। ২০ ওভারে ১৯৯ রানই তুলতে পেরেছে পাঞ্জাব। এর ফলে আরসিবি যেমন ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলল, তেমনই টানা ৬ ম্যাচ হেরে কার্যত বিদায়ের দোরগোড়ায় পাঞ্জাব।

প্রথমে টানা ৬ ম্যাচ জয় থেকে এখন টানা ৬ ম্যাচ হার। পাঞ্জাবের আইপিএল যাত্রা যেন কার্যত এক ‘রোলার কোস্টার রাইড’ হয়ে দাঁড়িয়েছে। এদিনও ৩ উইকেট পেলেন রশিখ সালাম দার। ২ উইকেট পেলেন ভুবনেশ্বর। একই সঙ্গে ২৪ উইকেট নিয়ে এখনও পার্পল ক্যাপ রয়েছে তাঁর মাথাতেই। তবে শেষ ম্যাচে পাঞ্জাবকে বড় ব্যবধানে জিততেই হবে লখনৌয়ের বিরুদ্ধে, শুধু জিতলেই হবে না, আশা করতে হবে চেন্নাই ও রাজস্থান যেন নিজেদের বাকি ২ ম্যাচ হেরে যায়। নাহলে দারুন শুরু করেও আইপিএল যাত্রা শেষ হয়ে যাবে শ্রেয়সদের।

Follow Us