Abhishek Banerjee: ‘এখানেই বসে থাকব, দেখা কার কী করার আছে…’, অভিষেকের মঞ্চের সামনেই উন্মত্ত তাণ্ডব, চলে বেপরোয়া ভাঙচুর
Abhishek Banerjee: নওদায় অভিষেকের সভায় চরম বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চের সামনেই প্রবল বিক্ষোভ, চলছে চেয়ার ভাঙচুর। টিকিট না পাওয়ায় তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীদের বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা।

মুর্শিদাবাদ: নওদায় অভিষেকের সভায় চরম বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চের সামনেই প্রবল বিক্ষোভ, চলছে চেয়ার ভাঙচুর। টিকিট না পাওয়ায় তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখের অনুগামীদের বিক্ষোভ। মঞ্চের সামনেই কর্মীদের একাংশ চলে আসেন। চেয়ার ছুড়ে একে অপরের দিকে মারতে থাকেন। বহু চেয়ার ভেঙে গিয়েছে। সভাস্থলের একাংশ লণ্ডভণ্ড অবস্থা। তার মধ্যেই এক যুবক, পরনে সারা টি শার্ট, তিনি সামনে এসে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। মূলত বিধানসভা নির্বাচনে পছন্দের নেতার টিকিট না পাওয়া নিয়েই ক্ষোভ।
মঞ্চ থেকে নেতৃত্ব তাঁদের বোঝানোর চেষ্টা করতে থাকেন। অভিষেক আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠবেন। তার আগে চেয়ারগুলো ঠিক করে রাখার পরামর্শ দেন। কিন্তু দৃশ্যত, তাঁর কথার কেউ কোনও পরোনা না করেই তাণ্ডব চালাতে থাকেন। দেখা যায়, ব্লক সভাপতির অনুগামীরা মিছিল করে মঞ্চের সামনে আসেন। তাঁরা দর্শক আসনের বাইরে দাঁড়িয়ে ছিলেন। পরে ব্লক সভাপতি যখন ভিতরে ঢোকেন, তখনই কিছু কারণে সংঘর্ষ বাধে। চেয়ার ছুড়ে একে অপরের দিকে মারতে উদ্যত হন। আগে থেকে যাঁরা বসেছিলেন, তাঁদের তুলে দেওয়া হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
মূলত জানা যাচ্ছে, ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ এবার টিকিট পাননি, নওদায় টিকিট পেয়েছেন শাহিনা মমতাজ। তাতেই ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। এই নিয়ে অবশ্য নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
