SIR 2nd Supplementary list: দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন
SIR: এসআইআর- এর দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। রাতে সাড়ে এগারোটার পর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। তবে এখনও কত নামের নিষ্পত্তির তালিকা বার হয়েছে, সেই সংখ্যা কমিশনের তরফে জানানো হয়নি। জানা যায়নি কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও।

গত ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা বেরিয়েছিল রাত ১২টা বাজার কয়েক মিনিট আগে। ‘মধ্যরাতে’ তালিকা প্রকাশ নিয়ে কমিশনকে নিশানা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার খানিকটা সেরকমই হল। তবে এবারে যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে পূর্ণাঙ্গ তথ্য এখনও পর্যন্ত নেই।
শুক্রবার সন্ধ্যাতেই CEO মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, বিকাল ৫টা পর্যন্ত বিচারকেরা যা তথ্য দিয়েছেন, তা ‘প্রসেস’ করে প্রকাশ করা হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। সেক্ষেত্রে ঘণ্টা পাঁচেক সময় লেগে যেতে পারে বলে আগেই আভাস দিয়েছিলেন। কিন্তু রাত সাড়ে এগারোটার পর যে তালিকা দেখা যাচ্ছে, তাতে কেবল ৯ জনের নাম! এন্টালি বিধানসভার উল্লেখ। কলামে উল্লেখ, পুরুষ ৬, মহিলা ৩ জন।
৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তখন বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। প্রথম অতিরিক্ত তালিকায় কত নিষ্পত্তি হয়েছে এবং সেখান থেকে কত জন ভোটার যোগ হয়েছেন, তা জানায়নি কমিশন। তবে জানা যাচ্ছে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগে পর্যন্ত সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭৬ লক্ষের নাম বাদ গিয়েছে। এদিকে, এদিনই হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এসআইআর-এর অমীমাংসিত নামের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের অনুরোধ জানান তিনি। চিঠির বক্তব্য, শোনা যাচ্ছে এই প্রক্রিয়ায় নিযুক্ত বিচারকরা ২৭ লক্ষ মীমাংসা করেছেন। তাতে ৪০ শতাংশের মতো নাম বাদ গিয়েছে। কিন্তু কোন ডিটেইল নেই এ বিষয়ে, যাতে নির্বাচন কমিশনকে তালিকা প্রকাশের নির্দেশ দেন প্রধান বিচারপতি, সেবিষয়ে আবেদন জানানো হয়েছে।
