AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitish Kumar Reddy: ভিডিয়ো: সেঞ্চুরিতে মুগ্ধ রবি শাস্ত্রী, টিম ইন্ডিয়ায় যে ভূমিকায় দেখতে চান নীতীশ রেড্ডিকে…

IND vs AUS, Border Gavaskar Trophy: কেরিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। ২১ বছর বয়সী নীতীশ মেলবোর্নে সেঞ্চুরি করে সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীর মতো কিংবদন্তিদের চোখে জল এনে দিয়েছেন।

Nitish Kumar Reddy: ভিডিয়ো: সেঞ্চুরিতে মুগ্ধ রবি শাস্ত্রী, টিম ইন্ডিয়ায় যে ভূমিকায় দেখতে চান নীতীশ রেড্ডিকে...
Nitish Kumar Reddy: ভিডিয়ো: সেঞ্চুরিতে মুগ্ধ রবি শাস্ত্রী, টিম ইন্ডিয়ায় যে ভূমিকায় দেখতে চান নীতীশ রেড্ডিকে... Image Credit: Star Sports X Screenshot
| Updated on: Dec 29, 2024 | 12:32 PM
Share

কলকাতা: বর্ডার গাভাসকর ট্রফির মেলবোর্ন টেস্টে অনবদ্য নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ১১টি চার ও ১টি ছয় দিয়ে ১১৪ রানের ইনিংস খেলে ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছেন বছর একুশের নীতীশ। কেরিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে প্রথম শতরান করেছেন। এই পারফরম্যান্সের সুবাদে তিনি এখন চারিদিকে আলোচনায়। শুধু তাই নয়, তাঁর ব্যাটিং মুগ্ধ করেছে সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীর মতো কিংবদন্তিদের। নীতীশের সেঞ্চুরি দেখে ধারাভাষ্য দিতে দিতে চোখে জল চলে এসেছিল রবি শাস্ত্রী, সানিদের।

স্টার স্পোর্টসের এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছে,  নীতীশ রেড্ডির পরিবারের সামনে সেই সময় হাজির রবি শাস্ত্রী, আর সঞ্চালক যতীন সাপ্রু বলতে থাকেন, ‘কাল স্ট্যান্ডে আমরা দারুণ দৃশ্য দেখেছি। কমেন্ট্রি বক্সে রবি শাস্ত্রী ছিলেন আমার সঙ্গে। রবি ভাইকে আমি ১৭ বছর ধরে চিনি। অনুভূতি যেন মনে কোথাও লুকিয়ে রেখে দেন। রেড্ডি পরিবারের জন্য একটা দারুণ মুহূর্ত। যখন নীতীশ ৯৭ এবং তারপর ৯৯ রানে ছিল সেই সময় রবি ভাই কিছুটা সময় নিয়েছিল। চুপ করেছিল। সঙ্গে সঙ্গে কথা বলতে পারছিল না। কারণ তাঁর চোখে জল ছিল।’

নীতীশের সেঞ্চুরির পর বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘নীতীশ যাতে ক্রিকেট খেলতে পায়, তার জন্য ওর বাবা-মা যে ত্যাগ করেছে সেগুলো তুলে ধরা হচ্ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে, যেভাবে নীতীশ ব্যাটিং করছিল, যে শৃঙ্খলা দেখিয়েছিল তাই ওই সময় তাই তুমি (যতীন সাপ্রু) আর ইরফান কথা বলছিলে। আমার তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। সেই সময় আমার চোখে জল ছিল। আমার চোখে এত তাড়াতাড়ি জল আসে না। কাল এসেছিল। খুব আনন্দ হয়েছিল। শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে (নীতীশ কুমার রেড্ডির বাবার দিকে তাকিয়ে বলেন)।’

সেঞ্চুরিয়ন নীতীশের সঙ্গে সাক্ষাতের পর তাঁকে বিশেষ বার্তা দিয়েছেন শাস্ত্রী। একই সঙ্গে তিনি নীতীশের ব্যাটিং অর্ডারে বদল চান। এ বিষয়ে শাস্ত্রী বলেন, ‘আজ দেখা হল ওর সঙ্গে। একে বলেছি ওর বড় হৃদয় আছে। প্রথম সফরে এত দর্শকের সামনে দারুণ খেলেছে। ঘাবড়ে না গিয়ে যে শৃঙ্খলা দেখিয়ে ও, সেটা দারুণ। ওকে সাত নম্বরে পাঠানো ঠিক না। প্রথম ছয়ের মধ্যে ওকে পাঠানো উচিত। টেস্ট ক্রিকেটে ওর অনেক রান হওয়া দরকার। যখন এমন চরিত্রের কোনও ক্রিকেটারকে পাওয়া যায়, তখন সেটা সত্যিই অত্যন্ত আনন্দের। সানি আশা করি খুশি হবে নীতীশ যে লড়াইটা দেখিয়েছে তার জন্য।’

Follow Us