Pension Rules: ৩০ নভেম্বরের মধ্যে এই কাজ না করলে মিলবে না পেনশন, এল বড় আপডেট
Life Certificate Pension Rules: সাধারণত প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ওই সার্টিফিকেট জমা দেওয়া যায়। তবে, ৮০ বছর বা তার বেশি বয়সি পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। তাঁরা ১ অক্টোবর থেকেই জীবন প্রমাণপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারেন।

লাইফ সার্টিফিকেট হল এমন একটি নথি, যার মাধ্যমে নিশ্চিত করা হয় যে সংশ্লিষ্ট পেনশনভোগী জীবিত রয়েছেন। এই নথির ভিত্তিতেই সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পেনশনের টাকা দেওয়া চালু রাখে।
সাধারণত প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ওই সার্টিফিকেট জমা দেওয়া যায়। তবে, ৮০ বছর বা তার বেশি বয়সি পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। তাঁরা ১ অক্টোবর থেকেই জীবন প্রমাণপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারেন। ফলে নভেম্বরের শেষদিকে ভিড় এড়িয়ে আগেভাগেই এই গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলার সুযোগ পান প্রবীণ পেনশনভোগীরা।
বাড়িতে বসেই জমা দেওয়া যাবে সার্টিফিকেট
বর্তমানে ডিজিটাল পরিষেবা চালু হওয়ায় জীবন প্রমাণপত্র জমা দেওয়ার প্রক্রিয়া অনেকটাই সহজ হয়েছে। এখন আর এই নথি জমা দেওয়ার জন্য পেনশনভোগীদের বাধ্যতামূলকভাবে ব্যাঙ্ক বা সরকারি অফিসে যেতে হয় না। আধারভিত্তিক এবং বায়োমেট্রিক প্রযুক্তির সাহায্যে বাড়িতে বসেই ডিজিটাল পদ্ধতিতে প্রমাণপত্র জমা দেওয়া সম্ভব। এর জন্য স্মার্টফোনে জীবন প্রমাণ (Jeevan Pramaan) অ্যাপ এবং ফেস অথেন্টিকেশনের জন্য আধার ফেস আরডি (AadhaarFaceRD) অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
এছাড়াও কমন সার্ভিস সেন্টার (CSC), নির্দিষ্ট ব্যাঙ্কের শাখা কিংবা সরকারি পরিষেবা কেন্দ্রের মাধ্যমেও জীবন প্রমাণপত্র জমা দেওয়া যায়।
কী কী নথি প্রয়োজন?
জীবন প্রমাণপত্র জমা দেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য হাতের কাছে রাখা প্রয়োজন। যেমন, আধার নম্বর, মোবাইল নম্বর, পেনশন পেমেন্ট অর্ডার (PPO) নম্বর, পেনশন অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। তাই পেনশন পেতে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য ৩০ নভেম্বরের মধ্যেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে পেনশনভোগীদের।
