Amitabh Bachchan: শুটিংয়ে মারাত্মক অঘটন, গুরুতর আহত অমিতাভ বচ্চন! কী হয়েছে বিগ বির?
Kaun Banega Crorepati 18: হটসিটে প্রতিযোগীদের আহ্বান জানানোর জন্য তিনি উঠে দাঁড়াবেন ঠিকই, তবে আপাতত দাঁড়িয়ে থাকতে কিছুটা কষ্ট হওয়ায় সূচনা পর্বটি বসেই সঞ্চালনা করছেন। তাঁর এই অদম্য পেশাদারিত্ব দেখে দর্শকরা করতালিতে ভরিয়ে দেন এবং প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেন।

রিয়্যালিটি শোর মঞ্চে যাঁর উদ্যম ও সিগনেচার এন্ট্রি দেখার জন্য মুখিয়ে থাকেন কোটি কোটি দর্শক, সেই ‘শাহেনশাহ’ এবার সেটে এলেন কিছুটা ভিন্নভাবে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-র সাম্প্রতিক পর্ব চলাকালীন এক বড়সড় দুর্ঘটনার কথা খোলসা করলেন শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চন। বিগ বি জানান, শুটিং ফ্লোরে পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন তিনি।
সাধারণত উইংস থেকে চেনা ভঙ্গিতে দৌড়ে এসে মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিজের আইকনিক বক্তব্য পেশ করাই অমিতাভের দস্তুর। তবে এদিনের পর্বে দৌড়ে এসে দ্রুত নিজের নির্ধারিত আসনে বসে পড়েন তিনি। এরপর দর্শকদের সারপ্রাইজ দিয়ে বিগ বি বলেন, “প্রতিদিন আমি মঞ্চের মাঝে দাঁড়িয়েই কথা বলি, কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে। গতকাল শুটিং চলাকালীন অসাবধানতাবশত পা পিছলে পড়ে গিয়েছিলাম এবং হাঁটুতে আঘাত পেয়েছি।”
নিজের বাঁ হাঁটুর দিকে নির্দেশ করে ৮৩ বছর বয়সী এই মেগাস্টার যখন দুর্ঘটনার বিবরণ দিচ্ছিলেন, তখন স্টুডিওর দর্শকরাও বেশ চিন্তিত ও হতবাক হয়ে পড়েন। তবে অনুরাগীদের উদ্বিগ্ন হতে দেখে দ্রুত পরিবেশ হালকা করেন অমিতাভ। তিনি আশ্বস্ত করে জানান, আঘাত অতটা গুরুতর নয়। হটসিটে প্রতিযোগীদের আহ্বান জানানোর জন্য তিনি উঠে দাঁড়াবেন ঠিকই, তবে আপাতত দাঁড়িয়ে থাকতে কিছুটা কষ্ট হওয়ায় সূচনা পর্বটি বসেই সঞ্চালনা করছেন। তাঁর এই অদম্য পেশাদারিত্ব দেখে দর্শকরা করতালিতে ভরিয়ে দেন এবং প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেন।
কাজের প্রতি একনিষ্ঠতা আর জীবনের নানা ওঠাপড়ায় বারবার ঘুরে দাঁড়ানোর নাম অমিতাভ বচ্চন। এই বয়সেও তাঁর শক্তি ও কাজের প্রতি দায়বদ্ধতা তরুণ প্রজন্মকেও টেক্কা দেয়। তবে আজ তিনি যতটা প্রাণবন্ত, তাঁর শারীরিক লড়াইয়ের ইতিহাস ততটাই দীর্ঘ ও জটিল। কেরিয়ারের শুরু থেকেই একাধিক প্রাণঘাতী ব্যাধি ও দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন ‘শাহেনশাহ’।
বিগ বি-র সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল ১৯৮২ সালে, ‘কুলি’ ছবির শুটিং চলাকালীন। একটি অ্যাকশন দৃশ্য চলাকালীন তলপেটে মারাত্মক আঘাত পান তিনি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকতে হয়েছিল তাঁকে। সেই সময় অস্ত্রোপচারের পর রক্ত দেওয়ার প্রক্রিয়া থেকেই তিনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হন। এর ফলে বহু বছর পর ২০০০ সালে জানা যায়, তাঁর যকৃতের প্রায় ৭৫ শতাংশই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। মাত্র ২৫ শতাংশ কার্যকর লিভার নিয়েই তিন দশকেরও বেশি সময় ধরে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
শুধু লিভারের সমস্যাই নয়, অমিতাভ বচ্চন দীর্ঘদিন ধরে ‘মাইস্থেনিয়া গ্র্যাভিস’ নামের একটি বিরল স্নায়ুজনিত পেশির রোগে ভুগছেন, যা শরীরকে অত্যন্ত দুর্বল করে দেয়। ২০০৮ সালে তাঁর পেটে মারাত্মক সংক্রমণ ও তীব্র যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়, যা পরবর্তীতে ডাইভারটিকুলাইটিস হিসেবে চিহ্নিত হয়। এ ছাড়া যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। কোভিড-১৯ মহামারীর সময়েও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়ে করোনা জয় করে ফিরেছেন তিনি।
বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় এবং অস্থিসন্ধির নানাবিধ সমস্যা তো রয়েছেই। কেবিসি-র সেটে একাধিকবার পা ও পিঠের চোটে ভুগেছেন তিনি। তবে এত শারীরিক প্রতিবন্ধকতা, অস্ত্রোপচার এবং দীর্ঘদিনের ওষুধ সত্ত্বেও মনের জোর ও সুশৃঙ্খল জীবনযাত্রার দৌলতে বারবার ক্যামেরার সামনে ফিরে এসেছেন অমিতাভ। অসুস্থতাকে কখনও নিজের কাজের পথে বাধা হতে দেননি বলিউডের এই মেগাস্টার।
