AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: বিগ বসের কড়া শাস্তির মুখে রাজবীর, এবার কী ঘটতে চলেছে?

Bigg Boss Bengali Rajbir punishment: বিগ বস ঘোষণা করেন, চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহের জন্য রাজবীরকে সরাসরি নমিনেট করা হল। এর আগে একাধিকবার নমিনেশন জোনে গেলেও দর্শকদের অঝোর ভালোবাসায় প্রতিবারই বেঁচে ফিরেছিলেন রাজবীর। তবে এবার দর্শকের ভোট ছাড়াই সরাসরি বিগ বসের দেওয়া এই শাস্তি তাঁর খেলায় বড় ধাক্কা এনে দিল।

Bigg Boss Bangla: বিগ বসের কড়া শাস্তির মুখে রাজবীর, এবার কী ঘটতে চলেছে?
| Updated on: Oct 21, 2026 | 12:06 PM
Share

বিতর্ক আর নাটকীয়তায় জমজমাট ‘বিগ বস’-এর ঘর। সোমবার প্রতিযোগী পরিবারদের থেকে পাঠানো বিশেষ পুজো উপহার আসতেই উসকে ওঠে একের পর এক সংঘাত। আর সেই ঘটনার জেরেই এবার বিগ বসের কড়া শাস্তির মুখে পড়লেন রাজবীর! শুধু রাজবীরই নন, আগামী পর্বের ঝলকে দুর্নিবারের সঙ্গে তাঁর রক্তগরম ঝামেলা ও হাতাহাতির উপক্রম চরম উত্তেজনার পারদ চড়িয়েছে নেটদুনিয়ায়।

ঘটনার সূত্রপাত সোমবার, যখন বাড়ি থেকে পাঠানো উৎসবের উপহার প্রতিযোগীদের হাতে পৌঁছায়। এর মধ্যে নন্দিনী প্র্যাঙ্ক করে রাজবীরের উপহারটি লুকিয়ে রাখেন। কিন্তু উপহার খুঁজে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন রাজবীর। রাগের মাথায় নিজের ভাগের সমস্ত রেশন—দুধ, কর্নফ্লেক্স, ডিম থেকে শুরু করে নুডলস পর্যন্ত সব সোজা ডাস্টবিনে ফেলে দেন তিনি! পরবর্তীতে নন্দিনী নিজের মজার কথা স্বীকার করলেও ততক্ষণে নিজের সমস্ত খাবার নষ্ট করে ফেলেছেন রাজবীর। খাদ্যসামগ্রী এভাবে অপচয় করায় বাড়ির বাকি সদস্যরা চরম ক্ষোভ প্রকাশ করেন।

খাবার অপচয়ের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ মোটেও সুজনজরে দেখেননি ‘বিগ বস’। নিয়মভঙ্গের জন্য রাজবীরকে দেওয়া হল চরম শাস্তি! বিগ বস ঘোষণা করেন, চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহের জন্য রাজবীরকে সরাসরি নমিনেট করা হল। এর আগে একাধিকবার নমিনেশন জোনে গেলেও দর্শকদের অঝোর ভালোবাসায় প্রতিবারই বেঁচে ফিরেছিলেন রাজবীর। তবে এবার দর্শকের ভোট ছাড়াই সরাসরি বিগ বসের দেওয়া এই শাস্তি তাঁর খেলায় বড় ধাক্কা এনে দিল।

এদিনের পর্বে লাক্সারি বাজেট টাস্ক ঘিরেও ঘরের ভেতর সমীকরণ বদলাতে দেখা যায়। ‘জমিদার ভরত ও তাঁর পরিবারের মোহর ভাগ’ নিয়ে টাস্কটি জমে ওঠে, যেখানে জুটি বেঁধে কৌশলে এগোতে দেখা যায় প্রতিযোগীদের। এর মাঝে আবার ভরত ও নিরঞ্জনকে দেওয়া বিগ বসের সিক্রেট টাস্ক খেলায় বাড়তি মশলা যোগ করে।

তবে আসল চমক তোলা রইল আগামী পর্বের জন্য! শো-এর নতুন প্রমোতেই স্পষ্ট—দুলছে সম্পর্কের ভারসাম্য। কোনও এক অজানা বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হতেই দুর্নিবার ও রাজবীরের মধ্যে চরম বচসা তৈরি হয়, যা গড়ায় প্রায় হাতাহাতির পর্যায়ে! কিন্তু ঠিক কী নিয়ে এই ধুন্ধুমার কাণ্ড ঘটল, তা দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগী মহল।

Follow Us