
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় এক লাইনের একটা পোস্ট। বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনের সেই পোস্ট ঘিরে শোরগোল পড়েছে। তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর সহকারী পাইলটের হামলা নিয়ে চর্চা চলছে। তারই মধ্যে এই পোস্ট করেছেন বাংলাদেশি লেখিকা।
সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন তসলিমা?
কোনও ঘটনার উল্লেখ না করেই ফেসবুকে তসলিমা লিখেছেন, ‘এখন তো পাইলট মুসলমান হলে সেই ফ্লাইটে যেতেই ভয় লাগবে।’ আর কিছু লেখেননি তিনি। কিন্তু, প্রশ্ন উঠছে, হঠাৎ একথা লিখতে গেলেন কেন তিনি? কয়েকদিন আগে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে সহকারী পাইলট আক্রমণ করেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে। গুরুতর আহত অবস্থাতেও সাহস হারাননি স্মিত। ককপিটের দরজা খুলে ক্রু ও যাত্রীদের কাছে সাহায্যের আবেদন করেন।
তাঁর সেই তৎপরতাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্মিতের উফর হামলা চালিয়েছিলেন তাঁর সহকারী পাইলট হামাম আল-হাম্মামি। অভিযোগ, বিমানটি হাইজ্যাক করার ছক কষেছিলেন স্মিতের সহকারী পাইলট। কিন্তু, ভারতীয় ক্যাপ্টেনের সাহসিকতায় তা সম্ভব হয়নি।
স্মিত মচ্ছরের সাহসিকতার প্রশংসা চলছে বিশ্বজুড়ে। তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসময়ে ওই সহকারী পাইলটের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। আবার ওমানের নাগরিক ওই সহকারী পাইলটের ধর্মীয় পরিচয় নিয়েও অনেকে আক্রমণ করছেন। এই পরিস্থিতিতে এই পোস্ট করেছেন তসলিমা। তিনি কোনও ঘটনার কথা উল্লেখ না করলেও ওয়াকিবহাল মহল বলছে, স্মিত মচ্ছরের উপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই এই পোস্ট করেছেন বাংলাদেশি লেখিকা।
এদিকে, বুধবার কলকাতায় পৌঁছেছেন তসলিমা। মহাজাতি সদনে তাঁর কবিতা পাঠের অনুষ্ঠান রয়েছে।