
মহালয়ার ভোরে বীরেন ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠের সুর ভাসার আগেই শুরু হয়ে যায় উৎসবপ্রিয় বাঙালির আসল গণনা—পুজোর আর ক’দিন বাকি? আগামী ২০২৬ সালের শারদোৎসবে উমা মর্ত্যে আসছেন ঘোড়ায় চড়ে, আর বিদায় নেবেন নৌকায়। শাস্ত্রীয় ব্যাখ্যায় দেবীর ঘোটকে আগমন কিছুটা অস্থিরতার বার্তা দিলেও, নৌকায় গমন ধরা হয় অত্যন্ত শুভ—যা দেশের শস্যবৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক।
তবে প্রতি বছরের মতো এবারও প্রাচীন ও বিশুদ্ধ সিদ্ধান্ত—এই দুই পঞ্জিকার সময়সূচি নিয়ে তৈরি হয়েছে বিশেষ কৌতূহল। বিশেষ করে কোন তিথিতে কখন সন্ধিপুজোর পুষ্পাঞ্জলি দেবেন কিংবা ষষ্ঠী-সপ্তমীর পুজোর সময় কোনটা, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।
প্রাচীন পঞ্জিকা মতে দুর্গাপুজো ২০২৬
দুর্গা ষষ্ঠী (১৬-১৭ অক্টোবর): ১৬ অক্টোবর (২৮ আশ্বিন) শুক্রবার রাত ১টা ৪২ মিনিটে ষষ্ঠী তিথি শুরু। দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে শুক্রবার সন্ধ্যায়। ১৭ অক্টোবর রাত ৩টা ৪৬ মিনিটে ষষ্ঠী তিথি শেষ।
মহা সপ্তমী (১৭-১৮ অক্টোবর): প্রাচীন পঞ্জিকায় এবার সপ্তমী পড়ছে দু’দিন। ১৭ অক্টোবর (২৯ আশ্বিন) শনিবার সকাল ৭টা ৪ মিনিটের পর নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী বিহিত পুজো প্রশস্ত। তিথি শেষ হবে ১৮ অক্টোবর রবিবার সকাল ৫টা ৫৩ মিনিটে।
মহাষ্টমী ও সন্ধিপুজো (১৮-১৯ অক্টোবর): ১৮ অক্টোবর রবিবার সকাল ৫টা ৫৩ মিনিটে অষ্টমী শুরু। সন্ধিপুজোর মহেন্দ্রক্ষণ পড়েছে ১৯ অক্টোবর (১ কার্তিক) সোমবার সকালে। সকাল ৭টা ২৬ মিনিট থেকে ৮টা ১৪ মিনিটের মধ্যে সম্পন্ন হবে সন্ধিপুজো। বলিদান সকাল ৭টা ৫০ মিনিটে।
মহানবমী (১৯-২০ অক্টোবর): ১৯ অক্টোবর সকাল ৭টা ৫০ মিনিটে নবমী তিথি শুরু হয়ে চলবে ২০ অক্টোবর সকাল ৯টা ৩১ মিনিট পর্যন্ত।
বিজয়া দশমী (২০ অক্টোবর): ২০ অক্টোবর (৩ কার্তিক) মঙ্গলবার সকাল ৯টা ৩১ মিনিটে দশমী তিথি শুরু। সকাল ৮টা ৩১ মিনিটের মধ্যে দশমী বিহিত পুজো ও বিসর্জন প্রশস্ত।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দুর্গাপুজো ২০২৬
দুর্গা ষষ্ঠী (১৫-১৬ অক্টোবর): বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠী তিথি থাকবে দুই দিন ধরে। ১৫ অক্টোবর (২৮ আশ্বিন) বৃহস্পতিবার রাত ৩টা ২৬ মিনিটে তিথি শুরু হয়ে থাকবে ১৬ অক্টোবর (২৯ আশ্বিন) অহোরাত্র।
মহা সপ্তমী (১৭ অক্টোবর): ১৭ অক্টোবর ভোর ৫টা ৫৫ মিনিটে সপ্তমী তিথি শুরু হয়ে শেষ হবে ১৮ অক্টোবর সকাল ৮টা ২৯ মিনিটে। ভোর ৫টা ২৯ মিনিটের মধ্যে নবপত্রিকা প্রবেশ ও পুজো সম্পন্ন করার নির্দেশ রয়েছে।
মহাষ্টমী ও সন্ধিপুজো (১৮-১৯ অক্টোবর): ১৮ অক্টোবর রবিবার সকাল ৮টা ২৯ মিনিটে শুরু হচ্ছে মহাষ্টমী। এই পঞ্জিকা মতে সন্ধিপুজো হবে ১৯ অক্টোবর (২ কার্তিক) সোমবার সকাল ১০টা ২৮ মিনিট থেকে ১১টা ১৬ মিনিটের মধ্যে। সকাল ১০টা ৫২ মিনিটে বলিদানের সময় নির্ধারিত।
মহানবমী (১৯-২০ অক্টোবর): ১৯ অক্টোবর সকাল ১০টা ৫২ মিনিটে শুরু হয়ে নবমী তিথি থাকবে ২০ অক্টোবর রাত ১২টা ৫১ মিনিট পর্যন্ত।
বিজয়া দশমী (২০ অক্টোবর): ২০ অক্টোবর মঙ্গলবার রাত ১২টা ৫১ মিনিটে দশমী তিথি শুরু। পরের দিন সকালে বিহিত পুজো ও অপরাজিতা পুজোর মাধ্যমে দেবীবরণ ও বিসর্জন সম্পন্ন হবে।
তাহলে সন্ধিপুজো কবে ও কখন?
দুই পঞ্জিকার গণনায় ঘণ্টার ফারাক থাকলেও একটি বিষয়ে মিল পরিষ্কার—২০২৬ সালের সন্ধিপুজো অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর সোমবার সকালেই। প্রাচীন পঞ্জিকা অনুযায়ী সময় সকাল ৭টা ২৬ থেকে ৮টা ১৪ মিনিট, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সকাল ১০টা ২৮ থেকে ১১টা ১৬ মিনিট।