Vande Bharat Express: পুরী-হাওড়া বন্দে ভারতে সাফাইয়ের সময় উদ্ধার ৪ রহস্যময় ব্যাগ, খুলতেই যা বেরিয়ে এল…

Puri Howrah Vande Bharat Express: জিআরপি সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে পৌঁছনোর পর ট্রেনটি সাঁতরাগাছি ওয়াশিং লাইনে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাফাইকর্মীরা ব্যাগগুলি দেখতে পেয়ে খবর দেন শালিমার জিআরপিকে। কী পাওয়া গিয়েছে ওই ব্যাগগুলি থেকে? কী জানালেন তদন্তকারীরা?

Vande Bharat Express: পুরী-হাওড়া বন্দে ভারতে সাফাইয়ের সময় উদ্ধার ৪ রহস্যময় ব্যাগ, খুলতেই যা বেরিয়ে এল...
বন্দে ভারতImage Credit source: Santosh Kumar/HT via Getty Images

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 24, 2026 | 7:04 PM

হাওড়া: দূরপাল্লার সফর শেষে ট্রেন পরিষ্কারের পরই নতুন যাত্রা শুরু হয়। প্রতিদিনের মতো নিয়ম মেনে আজও ট্রেনে সাফাইয়ের কাজ চলছিল। ঠিক তখনই সাফাইকর্মীদের নজরে পড়ে চারটে ব্যাগ। আর সেই ব্যাগগুলি খুলতেই চক্ষু চড়কগাছ সাফাইকর্মীদের। তড়িঘড়ি খবর দেওয়া হয় জিআরপিকে। ঘটনাস্থলে পৌঁছেই ব্যাগগুলি বাজেয়াপ্ত করেন অফিসাররা। বন্দে ভারত এক্সপ্রেসে (Puri-Howrah Vande Bharat Express) এই ঘটনা ঘটেছে। কী পাওয়া গিয়েছে ওই ব্যাগগুলি থেকে? কী জানালেন তদন্তকারীরা?

কী  পাওয়া গেল ব্যাগ থেকে?

পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস থেকে মিলেছে ওই চারটে পরিত্যক্ত ব্যাগ। সাঁতরাগাছি ওয়াশিং লাইনে সাফাই চলাকালীনই তা উদ্ধার হয়। জানা গিয়েছে, বন্দে ভারত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪২ কেজি ৭০০ গ্রাম গাঁজা। জিআরপি সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে পৌঁছনোর পর ট্রেনটি সাঁতরাগাছি ওয়াশিং লাইনে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাফাইকর্মীরা ব্যাগগুলি দেখতে পেয়ে খবর দেন শালিমার জিআরপিকে। ঘটনাস্থলে পৌঁছে ওই গাঁজা উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে তা কোর্ট মালখানায় রাখা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে আরপিএফ ও জিআরপি।

তদন্ত শুরু করেছে পুলিশ

জেলা আদালতের আইনজীবী এই বিষয়ে বলেন, “বন্দে ভারত এক্সপ্রেস থেকে গাঁজা পাওয়া গিয়েছে। পুলিশ তার তদন্ত করেছে। এফআইআর করেছে। পুলিশের এফআইআর-এ উল্লেখ রয়েছে, ৪২ কেজির বেশি গাঁজা উদ্ধার হয়েছে। তা চারটে ব্যাগে পাওয়া গিয়েছে। আজ সকালে গাড়ি পরিষ্কার করতে গিয়ে পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে। খুব শীঘ্রই দোষী ধরা পড়বে। যে নিয়ে এসছিল, সে হয়তো কোনও কারণে নিয়ে যেতে পারেনি।” ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us