NTA: এবার UGC-NET’র তিনটি বিষয়ে পুনরায় পরীক্ষার ঘোষণা, তারিখ জানাল NTA
UGC-NET Re-Exam 2026: তিনটি বিষয়ের পরীক্ষা ফের নেওয়ার সিদ্ধান্তের প্রভাব বাকি ৮৪টি বিষয়ের ফলপ্রকাশে পড়বে না। NTA জানিয়েছে, যে ৮৪টি বিষয়ের Answer Key Challenge-র সুযোগ আগেই দেওয়া হয়েছিল, সেগুলির ফল নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকাশ করা হবে।

নয়াদিল্লি: NEET-র মতো প্রশ্ন ফাঁস হয়নি। তারপরও UGC-NET’র তিনটে বিষয়ে ফের পরীক্ষা নেওয়া হবে। জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগের পর UGC-NET জুন ২০২৬ পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যা বিষয়ের পরীক্ষা ফের নেওয়ার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
ইংরেজি, কমার্স ও সমাজবিদ্যার প্রশ্নপত্র নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ার পর বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছিল NTA। এনটিএ জানিয়েছে, কমিটি তিনটি প্রশ্নপত্রেই একাধিক তথ্যগত, মুদ্রণগত এবং অনুবাদজনিত ভুল খুঁজে পেয়েছে। ভুলগুলির মধ্যে ছিল বিশিষ্ট শিক্ষাবিদদের নামের বানান ভুল, বইয়ের নাম বিকৃত হয়ে যাওয়া, প্রশ্নের ভাষায় ভুল, ব্যাকরণগত ত্রুটি, লিঙ্গ ও বচনের সামঞ্জস্যের ভুল, যতিচিহ্নের ভুল এবং প্রচলিত ধারণার ক্ষেত্রে অপ্রচলিত শব্দের ব্যবহার। এছাড়াও কমিটি লক্ষ্য করেছে, আগে নেওয়া পরীক্ষায় আসা উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন ফের প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল।
ওই তিনটে পেপাপে ফের পরীক্ষার সূচি-
ভুলের মাত্রা বিবেচনা করে কমিটি তিনটি বিষয়ের পরীক্ষা ফের নেওয়ার সুপারিশ করে। পরীক্ষার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে NTA। তিনটি বিষয়ে ফের পরীক্ষা কবে হবে, তা-ও NTA জানিয়েছে। ইংরেজি পরীক্ষা হবে আগামী ৯ সেপ্টেম্বর। প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। ওইদিনই অর্থাৎ ৯ সেপ্টেম্বর দ্বিতীয় শিফটে বিকেল ৩টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে কর্মাসের পরীক্ষা। আর পরদিন অর্থাৎ আগামী ১০ সেপ্টেম্বর প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে সমাজবিদ্যা বিষয়ের পরীক্ষা।
NTA জানিয়েছে, প্রশ্নপত্রে এই ধরনের ত্রুটি থাকলে তা পরীক্ষার নিরপেক্ষতা ও নির্ভুলতার নির্ধারিত মান পূরণ করে না। শুধু Answer Key Challenge-র সময় ভুল প্রশ্ন বাদ দিয়ে এই সমস্যার যথাযথ সমাধান করা সম্ভব নয় বলেও জানিয়েছে সংস্থা।
ফের পরীক্ষার জন্য কোনও অতিরিক্ত ফি লাগবে না-
ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যার পরীক্ষায় যাঁরা ফের বসবেন, তাঁদের কোনও অতিরিক্ত পরীক্ষার ফি দিতে হবে না। পরীক্ষার শহর, পরীক্ষাকেন্দ্র এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে NTA-র সরকারি ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
৮৪টি বিষয়ের ফল প্রকাশ নির্ধারিত সময়েই-
তিনটি বিষয়ের পরীক্ষা ফের নেওয়ার সিদ্ধান্তের প্রভাব বাকি ৮৪টি বিষয়ের ফলপ্রকাশে পড়বে না। NTA জানিয়েছে, যে ৮৪টি বিষয়ের Answer Key Challenge-র সুযোগ আগেই দেওয়া হয়েছিল, সেগুলির ফল নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকাশ করা হবে।
এছাড়াও ওই ৮৪টি বিষয়ের প্রার্থীদের জন্য JRF (জুনিয়র রিসার্চ ফেলোশিপ) আসন বণ্টন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে যোগ্যতা ও PhD-তে ভর্তির জন্য ই-সার্টিফিকেট প্রকাশের ক্ষেত্রেও কোনও বিলম্ব হবে না। ইংরেজি, কমার্স ও সমাজবিদ্যার ফের পরীক্ষা নেওয়ার কারণে এই প্রক্রিয়া প্রভাবিত হবে না।
ফের পরীক্ষা, পরীক্ষাকেন্দ্র এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য প্রার্থীদের নিয়মিত NTA-র সরকারি ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
