West Bengal Rain Update: উপকূলে পৌঁছল অতি গভীর নিম্নচাপ, আসল ‘খেলা’ শুরু হবে এবার? আগেই এল সতর্কবার্তা
Depression Rain in Kolkata-West Bengal: কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতার কিছু অংশে। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকবে। শুক্রবার দুপুরের পর থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা: সকাল থেকেই লাগাতার বৃষ্টি চলছে। নিম্নচাপের জেরে এই বৃষ্টি চলবে সপ্তাহ জুড়েই। তবে ঘূর্ণিঝড় অর্ণব তৈরির যে শঙ্কা ছিল, তা হয়নি। শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন কোথায় রয়েছে নিম্নচাপ? কোথায় কোথায় বৃষ্টি আরও বাড়বে, সেই আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, অতি গভীর নিম্নচাপটি বর্তমানে কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিমের কাছ দিয়ে উপকূল অতিক্রম করেছে। এই সময় গতিবেগ ছিল ৫৫-৬৫ কিমি প্রতি ঘণ্টা। ঝোড়ো হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার বেগে বইছে। আপাতত নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ ছত্তীসগঢ়ে দিকে যাবে। সেখানেই শক্তি হারিয়ে দুর্বল হবে নিম্নচাপ।
কলকাতায় কবে বৃষ্টি কমবে?
কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতার কিছু অংশে। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকবে। শুক্রবার দুপুরের পর থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ-
নিম্নচাপ ও ভারী বৃষ্টির জেরে উত্তাল থাকবে সমুদ্র। সেই কারণে আগামী শুক্রবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে?
আজ, বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। এর পাশাপাশি কলকাতা, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির সম্ভাবনা কমবে।
উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি?
উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার এবং শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের কয়েক জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে শুক্রবারের জন্য। রবিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
