‘কেমোথেরাপির দিন খুব কষ্ট পায়’, কিরণের লড়াই দেখে বললেন অনুপম

কিরণ ক্যানসারে আক্রান্ত, সে খবর প্রকাশ্যে আসার পর থেকেই বর্ষীয়ান অভিনেত্রীর খোঁজ নিয়েছেন বলিউডের বহু মানুষ। অনুপম জানিয়েছেন, অভিনেতা, প্রযোজক, পরিচালক রবার্ট ডি নিরো মাঝেমধ্যেই কিরণের খবর নিচ্ছেন।

কেমোথেরাপির দিন খুব কষ্ট পায়, কিরণের লড়াই দেখে বললেন অনুপম
কিরণ খের, ইনসেটে অনুপম খের।

|

May 22, 2021 | 3:35 PM

ক্যানসারে (cancer) আক্রান্ত বলিউড (bollywood) অভিনেত্রী কিরণ খের (Kirron Kher)। তাঁর লড়াই একেবারে সামনে থেকে দেখছেন স্বামী তথা অভিনেতা অনুপম খের (Anupam Kher)। এ লড়াই যে একেবারেই সহজ নয়, কিরণকে দেখে প্রত্যক্ষ করছেন অনুপম। সদ্য তিনি জানিয়েছেন, আগের থেকে ভাল আছেন কিরণ। উন্নতি হচ্ছে তাঁর। কিন্তু এই লড়াই বড় কঠিন।

কিরণ ক্যানসারে আক্রান্ত, সে খবর প্রকাশ্যে আসার পর থেকেই বর্ষীয়ান অভিনেত্রীর খোঁজ নিয়েছেন বলিউডের বহু মানুষ। কিরণের সঙ্গে যোগাযোগ করতে না পারলেও অনুপমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন তাঁরা। শুধু বলিউড নয়, হলিউড থেকেও কিরণের স্বাস্থ্যের খোঁজ নেওয়া হচ্ছে। অনুপম জানিয়েছেন, অভিনেতা, প্রযোজক, পরিচালক রবার্ট ডি নিরো মাঝেমধ্যেই কিরণের খবর নিচ্ছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম বলেন, “কিরণের শরীর আগের থেকে ভাল আছে। কিন্তু এটা কঠিন চিকিৎসা। ও মাঝেমধ্যে বলে লকডাউন, করোনা পরিস্থিতি গোটা ব্যাপারটাকে আরও জটিল করে দিল। চিকিৎসার দিক থেকে মন সরিয়ে রাখা দরকার। কিরণ বাইরে যেতে পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। কেমোথেরাপির দিনগুলোতে খুব কষ্ট পায়। আমরা সকলেই চেষ্টা করছি। ও নিজেই ভাল থাকার চেষ্টা করছে। চিকিৎসকরা চেষ্টা করছেন। কিন্তু ভাল হওয়ার জন্য ওর মনের জোরও দরকার। ও চেষ্টা করছে।”

অনুপম আরও জানান, কিরণের অসুস্থতার খবর পাওয়ার পরই রবার্ট তাঁকে মেসেজ করে খবর নেন। তাঁর জন্মদিনে ভিডিয়ো বার্তা পাঠিয়েছিলেন। কয়েকদিন পর পরই রবার্ট মেসেজের মাধ্যমে কিরণের খবর নেন বলে জানিয়েছেন অনুপম।

কিছুদিন আগেই সপরিবার করোনার টিকা নিয়েছেন অনুপম। কিরণও টিকা নিয়েছেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সেদিনই প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছিল তাঁকে। কিছুদিন আগে কিরণের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তা নস্যাৎ করে অনুপম অনুরোধ করেছিলেন, যে কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা হোক।

আরও পড়ুন, প্রয়াত মিউজিক কম্পোজার লক্ষ্ণণ, শোক জ্ঞাপন করলেন লতা মঙ্গেশকর

Loading...
Unable to load recommendations.
Follow Us