
চুঁচুড়া: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। ‘সেবা সেতু’ শিবিরও ভাঙচুর পর্যন্ত হয়েছে। ঠিক কেন অন্নপূর্ণা পাননি, তার কারণ ব্যাখ্যা করলেন বিজেপি কিষান মোর্চার সভাপতি রাজীব ভৌমিক ও চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।
চুঁচুড়ায় বিজেপি কিষান মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক বলেন, “আগের সরকারের আমলে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের একটা নেক্সাস ছিল। তারা তৃণমূল সমর্থক মহিলাদের নাম তুলে দিয়েছে। যাঁরা ডেটা এন্ট্রি অপারেটর হয়েছেন, তাঁরা তো এলাকারই মানুষ। সেই কারণে বিজেপিকে সমর্থন করেন, এমন মহিলাদের নাম কেটেছে প্রতিহিংসার জন্য। এটা অস্বীকার করার জায়গা নেই। সেই সব গুলিকে খতিয়ে দেখে আমরা পরবর্তীকালে সেগুলোকে রিকভার করার চেষ্টা করেছি।”
চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, “অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। পাশের বাড়ির বৌদি ৩০০০ টাকা পাচ্ছে, আর অন্যরা পাচ্ছে না, তারপর পুজোর মরশুমে ১২ হাজার টাকা একজন পেয়ে গেলেন, সেটা মেনে নেওয়া একটু কঠিন। আমার কাছে অনেকেই এসে বলেছে, আমি যখন পাচ্ছি না সবারটা বন্ধ করে দিন। হয়ত দু-তিন মাস পাননি একটু দুঃখ হয়েছে। আমরা বলছি দু-তিন মাস নিয়ে ভাববেন না। বিজেপি পঁচিশ বছর থাকবে। তাই ২৫ বছর ধরে কোনটা পাওয়া যাবে সেটা ভাবুন।”
তিনি আরও বলেন, “বিজেপির মহিলারা পায়নি এটা সত্যি কথা। আমরা ক্ষমতায় এসেছি। সরকারে এসেছি। কিন্তু পঞ্চায়েত পুরসভা যারা চালাচ্ছে তারা তো আগের সরকার দ্বারা নিযুক্ত। আমাদের সরকার দ্বারা নিযুক্ত একজন ব্যক্তিও এখন কাজের মধ্যে নেই।”