Buxa Tiger Reserve: ভিন রাজ্যে যেতে হবে না, বক্সার জঙ্গলেই আবার দেখা মিলবে বাঘের! বিরাট উদ্যোগ রাজ্যের
Royal Bengal Tiger: বন দফতরের মতে, বক্সার জঙ্গলে এখনও বাঘের বসবাসের জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ ও পর্যাপ্ত আবাসস্থল রয়েছে। সেই কারণেই বাঘের সংখ্যা বাড়িয়ে বক্সাকে ফের বাঘের উপযুক্ত আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আলিপুরদুয়ার: দীর্ঘ প্রতীক্ষার অবসান। বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘ ছাড়ার প্রস্তুতি শুরু হয়েছে। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাঘ আসবে, তা ছাড়া হবে বক্সার জঙ্গলে। এই পরিকল্পনা করা হয়েছে আপাতত। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। বাঘ ছাড়ার আগে নিরাপত্তা এবং বাঘের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে বক্সা ব্যাঘ্র প্রকল্প পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও। তাঁর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা এবং প্রতিমন্ত্রী বিশাল লামা। আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা।
এদিন বন দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের সেই এলাকা ঘুরে দেখেন তাঁরা, যেখানে বাঘ স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। বন দফতর সূত্রে খবর, আগামী ২ অক্টোবর বক্সার জঙ্গলে বহু প্রতীক্ষিত ‘টাইগার রি-ইন্ট্রোডাকশন’ প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে।
কার্যত বাঘশূন্য হয়ে গিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প। তাই আবার বাঘ ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি স্ত্রী বাঘ এনে নির্দিষ্ট ঘেরাটোপে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। সেখানে কিছুদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তার গতিবিধি, স্বাভাবিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং শারীরিক অবস্থার উপর নজর রাখবেন বন দফতরের আধিকারিকরা। প্রথম পর্যায়ের পর্যবেক্ষণ সফল হলে ধাপে ধাপে আরও বেশ কয়েকটি বাঘ বক্সায় আনার পরিকল্পনা রয়েছে।
বাঘ ছাড়ার আগে ঘেরাটোপ, নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি এবং বাঘের জন্য প্রয়োজনীয় পরিবেশ কতটা উপযুক্ত, এদিন সরেজমিনে তা খতিয়ে দেখেন বনমন্ত্রী-সহ বন দফতরের আধিকারিকরা। ইতিমধ্যেই প্রকল্পের শেষ মুহূর্তের কাজও সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শুধু নির্ধারিত সময়ের।
বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘ ফিরিয়ে আনার উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। একসময় বক্সার জঙ্গলে প্রচুর বাঘের উপস্থিতি ছিল। এখনও শীতকালে ভুটান থেকে মাঝে মধ্যে বাঘ বক্সার জঙ্গলে নেমে আসে বলে বন দফতর সূত্রে খবর। কয়েক বছর আগেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিভিন্ন এলাকায় বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় বাঘের উপস্থিতির ছবি ধরা পড়েছিল।
বন দফতরের মতে, বক্সার জঙ্গলে এখনও বাঘের বসবাসের জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ ও পর্যাপ্ত আবাসস্থল রয়েছে। সেই কারণেই বাঘের সংখ্যা বাড়িয়ে বক্সাকে ফের বাঘের উপযুক্ত আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্যে সরকার পরিবর্তনের পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ পুনঃপ্রবর্তনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেই দেখছে বন দফতর। আগামী ২ অক্টোবর সেই বহু প্রতীক্ষিত উদ্যোগ বাস্তবায়িত হলে, বক্সার পর্যটনেও নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
