বোর্ডের নতুন বার্ষিক চুক্তিতে দু’ধাপ নেমে গেলেন রো-কো, বাদ পড়লেন সামি!
দুই সিনিয়র প্লেয়ার টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ওয়ান ডে ফর্ম্যাটে খেলেন। এই দুই সিনিয়র আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপেও খেলবেন, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু দুই তারকার দু'ধাপ পতন হয়েছে বোর্ডের বার্ষিক চুক্তিতে। এ+ ক্যাটেগরিতে ছিলেন দু'জন। সেখান থেকে বি ক্যাটেগরিতে রাখা হয়েছে তাঁদের। ছেলেদের এ ক্যাটেগরিতে রয়েছেন তিনজন--- শুভমন গিল, রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরা।

কলকাতা: যা শোনা গিয়েছিল, তাই হতে চলেছে। এ+ ক্যাটেগরি তুলে দিতে চলেছে বিসিসিআই। ২০১৮ সালে এ+ ক্যাটেগরি দেখা গিয়েছিল বোর্ডের বার্ষিক চুক্তিতে। ৮ বছর পর তা উঠে যাচ্ছে। তার বদলে পুরনো ফর্ম্যাটেই দেখা যাবে বার্ষিক চুক্তি। অর্থাৎ, এ, বি ও সি ক্যাটেগরিই শুধু দেখা যাবে। নতুন বার্ষিক চুক্তিতে বেশ কিছু রদবদল থাকছে। ছেলে ও মেয়েদের এ ক্যাটেগরিতে সব মিলিয়ে থাকছেন ৭ ক্রিকেটার। সেই সঙ্গে একটা প্রশ্ন জোরালো ভাবে উঠে গেল। মহম্মদ সামির জন্য জাতীয় দলের কি পুরোপুরি বন্ধ হয়ে গেল? বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে বাংলার পেসারকে। সেই সঙ্গে বাদ গিয়েছেন মুকেশ কুমার, সরফরাজ খান ও রজত পাতিদার।
এর থেকেও বড় প্রশ্ন হল, রোহিত শর্মা ও বিরাট কোহলির কী হল? দুই সিনিয়র প্লেয়ার টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ওয়ান ডে ফর্ম্যাটে খেলেন। এই দুই সিনিয়র আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপেও খেলবেন, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু দুই তারকার দু’ধাপ পতন হয়েছে বোর্ডের বার্ষিক চুক্তিতে। এ+ ক্যাটেগরিতে ছিলেন দু’জন। সেখান থেকে বি ক্যাটেগরিতে রাখা হয়েছে তাঁদের। ছেলেদের এ ক্যাটেগরিতে রয়েছেন তিনজন— শুভমন গিল, রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরা। বি ক্যাটেগরিতে রয়েছেন ১১ ক্রিকেটার। সি থেকে বি-তে এসেছেন ওয়াশিংটন সুন্দর। এ ছাড়া রাহুল, সিরাজ, হার্দিক, ঋষভ, কুলদীপ, যশস্বী, সূর্য ও শ্রেয়স। সি ক্যাটেগরিতে অক্ষর প্যাটেল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং সহ মোট ১৬জন।
মেয়েদের বার্ষিক চুক্তির এ ক্যাটেগরিতে আছেন চারজন— হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মা। বি ক্যাটেগরিতে বাংলার রিচা ঘোষ, রেনুকা ঠাকুর, শেফালি ভার্মা, স্নেহ রানারা রয়েছেন। সি ক্যাটেগরিতে রয়েছেন মোট ১৩জন মহিলা ক্রিকেটার।
